গাজীপুর মহানগরের কাশিমপুরে পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ও শনিবার দিবাগত রাতে মাধবপুর, পূর্ব সারদাগঞ্জ এবং পশ্চিম শৈলডুবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কাশিমপুর থানার ওয়াবদা রোড এলাকায় চেকপোস্ট ডিউটির সময় সন্দেহভাজন হিসেবে মোঃ হানিফ শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ জানায়, বারেন্ডা এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে সে এসব ইয়াবা সংগ্রহ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পূর্ব সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আলমগীর হোসেন, বাবু ওরফে পারভেজ এবং ইউসুফ নামে আরও তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে আলমগীরের কাছ থেকে ৬০ পিস, বাবুর কাছ থেকে ৫০ পিস এবং ইউসুফের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে মোট ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার (১৬ মে) রাতে কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবী মেম্বর মার্কেট এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা জিপার থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


