ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামের সই করা এক কার্যালয় আদেশে তাকে বদলির বিষয়টি জানানো হয়েছে।
এছাড়াও একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ৫ মে এক আদেশে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেই সঙ্গে একই দিন নীলফামারীর এসপি জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। সবশেষ শনিবার জাহিদুল ইসলামকে রমনা বিভাগের আনুষ্ঠানিক দায়িত্ব দেয়া হলো।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেন পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম। ওই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তার বহিষ্কার দাবি করা হয়েছিল। এর মধ্যদিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।
পড়ুন : নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ


