আসন্ন জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অজিরা। আগেই সিরিজের সূচি ঘোষণা করলেও এবার ম্যাচের সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন মিরপুরে অনুশীলন করবে তারা। বাংলাদেশ দলও এই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে।
৯ জুন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ১১ জুন। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

