হঠাৎ করেই বিদ্যালয়ের আঙিনায় এসে দাঁড়ান জেলা প্রশাসক মো. আবু সাঈদ। মঞ্চে ওঠার আহ্বান ছিল, ছিল বক্তব্য দেওয়ার অনুরোধও। কিন্তু তিনি সেদিকে না গিয়ে চলে যান শিশুদের ভিড়ে। ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, হাসেন, খোঁজ নেন তাদের পড়াশোনার। মুহূর্তেই বদলে যায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুপুরের পরিবেশ।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই বিদ্যালয়ে চলছিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। ঠিক তখনই সেখানে যান জেলা প্রশাসক। বিদ্যালয়ের পরিবেশ ঘুরে দেখেন তিনি। খোলা মাঠ, শিশুদের কোলাহল আর সাংস্কৃতিক আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের মাঠ উন্নয়নে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সীমানা দেয়াল নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান। শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে।” অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের হাতে যেন অপ্রয়োজনে মোবাইল ফোন তুলে না দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় সংগীত পরিবেশন করে। পরে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক স্বীকৃতি রায়কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত আড়াই বছরে তিনি কোনো ছুটি নেননি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা ও বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মো. শামীম ইকবাল, পিটিএ সহসভাপতি মো. শাহ আলম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, অভিভাবক দীপংকর ঘোষ নয়ন, সাংবাদিক জুটন বনিক, জুনায়েদ হোসেন ও আশীষ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি আক্তার।
জেলা প্রশাসক দিনব্যাপী আখাউড়ার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমি অফিস ও থানা পরিদর্শন করেন।
পড়ুন:রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?
ইমি/


