দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।
কারামুক্তির পর বেনজীর আহমেদের সঙ্গে একটি গণমাধ্যমের কথা হলে তিনি জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।
পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে এখনই বিস্তারিত কথা বলতে রাজি হননি।
তবে দুবাইয়ের একাধিক সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদের জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেছেন। শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত।
এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলেও তারাও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
সূত্র: এশিয়া পোস্ট
পড়ুন: ঢাকার চারপাশে ফের চালু হতে পারে ওয়াটার বাস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
আর/


