রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ফের কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর এজিএস এস এম সালাম সাব্বির।
সোমবার (১৮ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই হুঁশিয়ারি দেন রাকসু এজিএস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে স্থায়ীভাবে এবং বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেন থামানোর বিষয়ে আবারও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বিভিন্ন অজুহাত ও প্রক্রিয়াগত জটিলতার কথা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাকসু এজিএস বলেন, আমি স্পষ্টভাবে বলে এসেছি— এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং এটি বাস্তবায়ন করতেই হবে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি এবারও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় এবং বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামে, তাহলে বিশ্ববিদ্যালয় স্টেশনের ওপর দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারবে না; করতে দেয়া হবে না।
তার এই বক্তব্যের পর ক্যাম্পাসজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের অনেকে বলছেন, ঈদে বাড়ি ফেরা ও ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি অত্যন্ত জরুরি।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, আমাদের একটি কমিটি আছে, যেই কমিটি এই টাইপের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। সাব্বির আসার পর আমি সেই কমিটিতে বিষয়গুলো পাঠিয়েছি। কমিটি পর্যালোচনা করে দেখবে- রাবি স্টেশনে ট্রেন বিরতি দেয়া যায় কিনা।
পড়ুন : প্রেমিকাকে গর্ভের সন্তানসহ হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড


