নওগাঁয় এক বাস চালকের ওপর হামলা, মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মারধরের স্বীকার বাস চালক আনোয়ার হোসেন বাদল বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এই মামলা করেন।
আসামিরা হলেন-নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: সোহাগ, জেলা প্রচার দলের সহ সভাপতি আব্দুর রউফ (৩৬), আলী হাসান অন্তর এবং মো: রিংকু (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে গাড়ি ঘোরানোর সময় একটি অজ্ঞাত অটোরিকশার সাথে সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক ও বহিরাগত দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে বাস চালক আনোয়ার হোসেন বাদলকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি দ্রুত সরে গিয়ে নিজেকে আত্মরক্ষা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আসামিরা ‘একতা বাস’ কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং চালক আনোয়ার হোসেনের পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মারধরের স্বীকার ভুক্তভুগী বাস চালক থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
উল্লেখ্য, এই মারধরের জেরে সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এরপর দফায় দফায় আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় ৮ঘন্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন : যশোরে মামাতো বোনের প্রেমের জেরে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের


