মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার যতারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেশি দামে সার বিক্রি এবং লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স আনারুল অটোমোবাইলের স্বত্বাধিকারী মো. আনারুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পড়ুন- সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা!


