মেট্রোরেলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। অর্থ বিভাগ ইতোমধ্যে এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাই করে বয়স নিশ্চিত করা হবে।
এর আগে মেট্রোরেলে কেবল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতেন। এছাড়া প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ছাড় চালু ছিল। নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এ সুবিধার আওতায় আনা হলো।
দেশে সাধারণত ৬০ বছর বয়সীদের প্রবীণ হিসেবে বিবেচনা করা হলেও, মেট্রোরেলের ক্ষেত্রে বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালন ব্যয়, রাজস্ব আয় সচল রাখা এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুন: বাজেটে কালোটাকা সাদা করার সীমিত সুযোগ থাকছে, তবে…
আর/


