বিজ্ঞাপন

হিলিতে বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লক্ষ টাকা ছিনতাই

দিনাজপুরের হিলির জালালপুর এলাকায় একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) গুরুতর আহত হয়েছেন। হামলার পর দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

​আজ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে হিলির জালালপুর ব্রিজের কাছে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত নাজমুল হোসেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বিরামপুর থেকে পরিচালিত বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস ‘আরাফাত ট্রেডিং’-এর মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজকেও আরাফাত ট্রেডিংয়ের অধীনে হিলির বিভিন্ন বাজারে বিকাশের লেনদেন শেষে টাকা কালেকশন করছিলেন নাজমুল। সন্ধ্যার দিকে তিনি হরিহরপুর বাজার থেকে ফেরার পথে জালালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত আরও একটি মোটরসাইকেলে করে তার কাছাকাছি এসে হাতে ও মাথায় এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে।

​এতে বিকাশ কর্মী নাজমুল মোটরসাইকেল থেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তার সাথে থাকা ব্যাগ থেকে বিকাশের প্রায় দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

​বিকাশ কর্মির চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

​এই ছিনতাইয়ের ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আহত কর্মীর পরিবার ও ডিস্ট্রিবিউশন হাউসের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের চিহ্নিত করে লুণ্ঠিত টাকা উদ্ধার এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় পুলিশের তৎপরতা অপহরণের ৫ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, গ্রেফতার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন