সিলেট নগরীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য (২৬) নামে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার সামনে এ ঘটনা ঘটে। ইমন আচার্যের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
ছিনতাইকারী ধরতে পুলিশের অভিযানের সময় সহযোগিতা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন র্যাব-৯ এ কর্মরত সদস্য ইমন আচার্য।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সাদাপোশাকে থাকা ইমন আচার্য পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে গেলে ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় একটি বাসায় আশ্রয় নিলে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সিলেটের পথে রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মনজুরুল আলম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এছাড়া আসাদুল আলম বাপ্পি ছাড়াও ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত ইমন আচার্যের বয়স ২৬ বছর। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। দীর্ঘদিন ধরে তিনি র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে এমন হামলার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

