চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) ও আশরাফ আলী (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ার মৃত. খন্দকার এনামুল হকের ছেলে। এবং আশরাফ আলী উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়া মৃত. আলীহিম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। কাজ চলাকালে মোটরে পানি না আসায় তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিন সকাল ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়ার মো. আশরাফ আলী সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
পড়ুন- শিশু রামিসা হত্যাকাণ্ড: মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ, সড়ক অবরোধ


