ঢাকার মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা।
আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় তারা অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে মিরপুর ও এর আশপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরও একই দাবিতে রাজধানীর মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
এদিকে গতকাল নিহত রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার মা-বাবা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


