সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬টি ভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি ইটভাটার বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি দুটি ভাটার অবকাঠামোতে ভাঙচুর চালানো হয়—একটি ভাটার কিলন এবং আরেকটির চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তুহিন আলম। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো—মেসার্স এইচ এন্ড কে ব্রিকস (দাদপুর), মেসার্স বি আর বি ব্রিকস (চড়ুইমুড়ি), মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচার (কয়ড়া চরপাড়া), মেসার্স পিবিসি ব্রিকস (গজারিয়া), মেসার্স বেঙ্গল ব্রিকস-০১ (পুকুরপাড়) এবং মেসার্স সাফওয়ান রিসান (এসআরবি) ব্রিকস (ব্রহ্মকাপালিয়া)।
এর মধ্যে স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার কিলন ভেঙে ফেলা হয় এবং এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি চিমনি গুড়িয়ে দেওয়া হয়। অন্যান্য ভাটাগুলোকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন : কালীগঞ্জে শুকনো ডাল কাটার মৌখিক অনুমতি নিয়ে তরতাজা শতবর্ষী গাছ কাটার অভিযোগ


