আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
রবিবার (২৪ মে) সকালে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড দমন, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দক্ষিণ জোনের আওতাধীন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া ও পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কালাপাড়া ও বাউশিয়া, নোয়াখালীর তমরুদ্দি ও রাম নেওয়াজ এবং বরগুনার কাকচিড়া ও পাথরঘাটাসহ গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের ডুবুরি দল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ডের প্রতিনিধি কর্তৃক সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঈদ উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনকে নিরাপদ রাখতে গরু, মহিষসহ অন্যান্য পশু চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে উচ্চগতি সম্পন্ন বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক টহল টিম মোতায়েন রয়েছে।
অতিরিক্ত যাত্রী বহনজনিত দুর্ঘটনা এড়াতে বিশেষ টহল, মাইকিং, লিফলেট বিতরণ এবং নৌযানে লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রমও চালানো হচ্ছে। নির্ধারিত লঞ্চঘাটের বাইরে ছোট বোট বা ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা বন্ধে বিশেষ নজরদারির কথাও জানিয়েছে কোস্ট গার্ড।
যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ আরিফ হোসেন (সি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসী যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।”


