বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসরের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শেষ হয় প্রায় দুই সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এবারের আসরে সর্বোচ্চ সম্মান স্বর্ণপাম অর্জন করেছে রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ পরিচালিত সিনেমা ‘ফিওড’। অভিবাসন, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সংকটকে কেন্দ্র করে নির্মিত ছবিটি শুরু থেকেই সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং শেষ পর্যন্ত উৎসবের সবচেয়ে বড় পুরস্কার নিজেদের করে নেয়।
সমাপনী আয়োজনে আরও বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গ্রাঁ প্রি জিতেছে মিনোটর এবং জুরি প্রাইজ গেছে দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার–এর ঝুলিতে।
যৌথভাবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পাভেল পাভলিকোভস্কি এবং স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি।
অভিনয় বিভাগেও ছিল চমক। সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। অন্যদিকে যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ভ্যালেনতিন ক্যাম্পান এবং এমানুয়েল মাকিয়া।
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে এ ম্যান অব হিজ টাইম। এছাড়া ক্যামেরা দ’র জিতেছে বেনইমানা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিজয়ী হয়েছে পারা লস কন্ত্রিনকান্তেস।
পুরো উৎসবজুড়ে ইউরোপীয় শিল্পধারার সিনেমার শক্ত অবস্থান এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। একই সঙ্গে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম প্রদান করা হয় কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ড–কে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

