খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম নামে এক পথচারী নারী আহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত ৮টার দিকে নগরীর গল্লামারী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রাসেল প্রাণ বাঁচাতে দৌড়ে একটি গলির ভেতরে ঢুকে পড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া আছিয়া বেগমের হাতের আঙুলে বিদ্ধ হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা আলামত উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

