বাংলাদেশের জনপ্রিয় ও অন্যতম বড় Mixed Martial Arts (MMA) ফাইট প্রোমোশন “KHAR Fight Night”-এর নবম আসরে দুর্দান্ত জয় তুলে নিয়ে আবারও আলোচনায় এসেছেন মেহেরপুরের ছেলে হুসাইন কবির। “The Monster” নামে পরিচিত এই তরুণ ফাইটার তার আগ্রাসী পারফরম্যান্স, শক্তিশালী আক্রমণ ও অসাধারণ কৌশলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।
এই আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি ছিল হুসাইন কবির বনাম আরাফাত ওসমানের লড়াই। দুইজনই ছিলেন দেশের পরিচিত ও সম্ভাবনাময় MMA ফাইটার। Bantamweight (৬১.২ কেজি) ক্যাটাগরির এই লড়াই ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনা।
ম্যাচটি ছিল শুধু ব্যক্তিগত লড়াই নয়, বরং দুইটি নামকরা MMA একাডেমির সম্মানের লড়াইও। Kamrangirchar Habib’s MMA Academy-এর প্রতিনিধি হিসেবে লড়েন হুসাইন কবির এবং Mirpur Wushu & MMA Academy-এর প্রতিনিধি ছিলেন আরাফাত ওসমান। দেশের MMA অঙ্গনে দুই একাডেমিরই সুনাম রয়েছে। তাই এই ম্যাচ ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।
প্রথম রাউন্ডের শুরু থেকেই হুসাইন কবির নিজের আগ্রাসী স্টাইলের পরিচয় দেন। দ্রুত গতির আক্রমণ, নিখুঁত পাঞ্চ এবং উন্নত মার্শাল আর্ট কৌশল প্রয়োগ করে তিনি প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। ম্যাচের পুরো সময়জুড়ে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষ আরাফাত ওসমান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও হুসাইন কবিরের ধারাবাহিক আক্রমণের সামনে বেশ চাপের মধ্যে পড়ে যান।
দর্শকরা শুরু থেকেই দুই ফাইটারের রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন। প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়তে থাকে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই নিজের দখলে রাখেন হুসাইন কবির। তার ফিটনেস, গতি ও কৌশলগত দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। ম্যাচ শেষে বিজয় নিশ্চিত হলে উপস্থিত দর্শক ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো ভেন্যু মুখরিত হয়ে ওঠে।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় হুসাইন কবির বলেন, আমি প্রথম রাউন্ড থেকেই আগ্রাসী স্টাইল, শক্তিশালী পাঞ্চ এবং উন্নত মার্শাল আর্ট কৌশল ব্যবহার করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমি সফল হয়েছি এবং বিজয় অর্জন করতে পেরেছি।
তিনি আরও বলেন, আমি সবসময় কঠোর পরিশ্রম করি এবং নিজের দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করি। আমার স্বপ্ন একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আন্তর্জাতিক পর্যায়ে খেলেও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, হুসাইন কবিরের এই সাফল্য মেহেরপুরসহ দেশের তরুণদের MMA খেলায় আরও আগ্রহী করে তুলবে। তার ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলেও মনে করছেন অনেকে।
পড়ুন : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন মাহবুব আলম সিআইপি


