কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রওশন আরা বেগম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অসামান্য অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
শুধু পাঠদানেই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতেও তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়কে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে জেলার শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এসেছে ইতিবাচক পরিবর্তন।
তিনি কুড়িগ্রাম পৌর শহরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কুড়িগ্রাম পৌর বিএনপি’র আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী। সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে এই পরিবারটির অবদান কুড়িগ্রাম জেলাজুড়ে সুপরিচিত।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো বিদ্যালয়, এলাকাবাসী এবং কুড়িগ্রামের শিক্ষা পরিবারের জন্য গৌরবের বিষয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং জেলার মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
পড়ুন- সরকারের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতিতে যা আছে, জানালেন মাহদী আমিন


