জয়পুরহাটের নতুন হাট গোহাটিতে অতিরিক্ত হাসিল আদায়ের প্রতিবাদ করায় জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে পিস্তল ও সামুরাই ঠেকিয়ে হত্যার চেষ্টা এবং ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত রোববার রাত ৮টায় ভুক্তভোগী যুবদল নেতা বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও হাট ইজারাদার শামস মতিনসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- মামুন ওরফে ঘোড়া মামুন, সাদাত মতিন, যুবলীগ নেতা মিলন, কানা জুয়েল ও আমিনুল। বর্তমানে গুরুতর আহত আদনান জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ মে) বিকেলে মোক্তাদুল হক আদনান ‘অধ্যক্ষ শামছুল হক ফাউন্ডেশন’-এর জন্য গরু কিনতে নগদ ৫ লাখ টাকা নিয়ে নতুন হাটে যান। সেখানে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের অভিযোগে অতিরিক্ত হাসিল আদায়ের বিরুদ্ধে হাটের মাইকে প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার গতিরোধ করে। ইজারাদার শামস মতিন সামুরাই দিয়ে এবং ঘোড়া মামুন পিস্তল ঠেকিয়ে আদনানকে হত্যার চেষ্টা চালান। পরে স্থানীয়দের বাধায় তিনি প্রাণে বাঁচলেও আসামিরা তাকে লোহার রড ও কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে এবং পকেটে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
পড়ুন : নীলফামারীতে র্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


