মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্যচুক্তির আগে এনসিপি সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমেরিকার (যুক্তরাষ্ট্রের) সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী।
আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।
তিনি বলেন, আমরা শুনেছি— যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছেন কি না— এমন প্রশ্ন জনমনে রয়েছে।
এনসিপির মুখপাত্র বলেন, আমরা মনে করি, নির্বাচনের তিন দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে চুক্তি করিয়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, এই চুক্তি বর্তমান সরকার করেনি, আগের সরকার করেছে। এটা নিয়ে রাজনৈতিক খেলা চলছে।
পড়ুন: এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি দেয়া হবে: প্রাণিসম্পদমন্ত্রী
আর/


