বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে দেখা গেছে অতিরিক্ত চাপ।
অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিট কাটার পরও তারা নির্ধারিত আসন পাননি। এছাড়া ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন চ্যানেল ২৪-কে জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতেও অতিরিক্ত সময় লেগেছে।
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলার কারণে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
পড়ুন: মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর খবর
আর/


