পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই গ্রামের পথে রওনা হয়েছেন। গত কয়েক দিন ধরেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি।
বৃষ্টির কারণে যাত্রাপথে দুর্ভোগ দেখা গেলেও তীব্র গরম থেকে মিলেছে কিছুটা স্বস্তি। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার এবং ফেনীতে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, খুলনা ও মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, ঈদের পরও আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

