শরীয়তপুরের জাজিরায় মরিচ খেতে পড়ে থাকা পরিত্যক্ত হাত বোমা কুড়াতে গিয়ে বিস্ফোরণে রাহাত (১০) নামের এক শিশুর কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাহাত ঘটনাস্থল লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলার ছলে প্রবেশ করে রাহাত। সেখানে স্কচটেপ মোড়ানো ককটেল দেখতে পেলে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে এনে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুর দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পড়ুন : ময়মনসিংহে বর্জ্য অপসারণ করে প্রশংসায় ভাসলেন মসিকের প্রশাসক


