গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার সফিপুর, আন্ধারমানিক, মৌচাক ও রতনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সজীব, সোহরাম, বিবাস, মানিক ও নূর আলমের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১


