প্রবল বিক্ষোভের মুখে পড়ে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (৩০ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর বাড়ির উদ্দেশে রওয়ানা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কামালগাজির কাছে গেলে মহিলারা তাকে কালো পতাকা দেখায়। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে লক্ষ্য করে অতর্কিতভাবে ছোড়া হয় ডিম ও জুতা।
এ সময় জনতা ঘিরে ধরে তাকে সম্বোধন করে দিতে থাকেন ‘চোর’ স্লোগান। এলোপাথাড়ি চড়,থাপ্পড়, ঘুষি ও লাথি মারা হয় তাকে। এমন জনরোষ থেকে মাথায় হেলমেট পরিয়ে তৃণমূলের শীর্ষ এই নেতাকে কোনোভাবে বের করে নিয়ে যায় নিরাপত্তা রক্ষীরা।
এতকিছুর পরও অবশেষে নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছে যান অভিষেক। গত ৪ মে নির্বাচনে পরাজয়ের পর এটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। এর আগেই শনিবার নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত ও নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যাওয়ার কর্মসূচি হাতে নিয়েছিলেন অভিষেক।
প্রসঙ্গত, অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই এলাকার মহিলারা জুতা, ডিম, কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে- এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্য অভিষেককেও জানায় পুলিশ। এরপর সোনারপুরে ঢোকার মুখে নিজের কনভয় ছেড়ে মোটর বাইকে করে ওই এলাকায় ঢোকার সিদ্ধান্ত নেন অভিষেক। তবে, তার সেই কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। পড়ে যান জনরোষের মধ্যে।
পড়ুন : হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের


