ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ১৩৩ রান পাত্তাই পেলো না। ২৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে ক্যাথরিন ব্রাইস বাহিনী, বাংলাদেশকে তারা হারিয়েছে ৮ উইকেটে।
এডিনবার্গে লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলা স্কটল্যান্ড দ্বিতীয় উইকেটে গড়ে ৪৭ রানের জুটি। ডার্সি কার্টারকে রিতু মনি ও ক্যাথেরিন ফ্রেসারকে স্বর্ণা আক্তার সাজঘরে ফেরানোর পর বাংলাদেশ আর উইকেটই নিতে পারেনি।
কার্টার ১৭ বলে ২৩ ও ফ্রেসার ৩০ বলে ২৮ করে দিয়ে যাওয়ার পর ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস সহোদরের তাণ্ডবে ১৫.৪ ওভারের মধ্যেই স্কটল্যান্ড জয় পেয়ে যায়। দুই বোনই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, ক্যাথরিন ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। সারাহ ১৫ বলে করেন ২৩ রান।
এর আগে বাংলাদেশ ৫ উইকেটে ১৩৩ রান করে। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটি ভেঙেছিল মাত্র ১৬ রানের মাথায়। জুয়াইরিয়া ১৩ বলে ১২ রান করে বিদায় নেন ক্যাথরিন ব্রাইসের শিকার হয়ে। আরও ১০ রান উঠার পর গ্যাব্রিয়েলা ফন্টেনলা তুলে নেন ১৬ বলে ১১ রান করা দিলারাকে।
এরপর জ্যোতি নেমেছিলেন। ৩৯ বলের ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৪৬ রানের ইনিংস সাজান ৫ চার ও এক ছয়ের মারে। সোবহানা মোস্তারির সঙ্গে ৪২ ও স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি।
মোস্তারি ২২ বলে ২২ রান করে আবতাহা মাকসুদের বলে বোল্ড হন। স্বর্ণা ১৫ বলে এক চার ও এক ছয়ে করেন ২২ রান। তার উইকেট নেন ক্রিস্ট্রি গর্ডন। রাবেয়া খান জ্যোতির সঙ্গে ২ রান করে অপরাজিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

