যুদ্ধবিরতির মাঝে আবারও ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ–১ ড্রোন ভূপাতিত করা এবং ইরানের ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের’ জবাবে এ হামলা চালানো হয়েছে। এর আগেও মার্কিন বাহিনী আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে।
নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানায়, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। এগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলার বিষয়টিও তারা স্বীকার করেনি।
পড়ুন: রামিসা হত্যা মামলা: বিচারকাজ শুরু আজ, আদালতে প্রধান আসামি সোহেল
আর/


