গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাসেল (২২)-এর মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তিনি কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
জানা যায়, গত শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন রাসেল। নৌকায় ডিজে গানের তালে আনন্দ-উল্লাসের একপর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোববার ভোর সাড়ে ৬টায় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর সোমবার দুপুরে আশুলিয়া থানাধীন তৈয়বপুর এলাকায় তুরাগ নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
রাসেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ প্রতীক্ষার পরও তাকে জীবিত ফিরে না পাওয়ায় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : বাঁশখালীতে মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২


