গাজীপুরের কাশিমপুর পূর্ব ভবানীপুর এলাকায়গজারী বাগান একটি পুকুরে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ জুবায়ের কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের এলাকায় খেলাধুলার সময় জুবায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ধারণা করেন, সে পাশের গজারী বাগানের পুকুরে পড়ে যেতে পারে। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুকুরের আশপাশে ভিড় করেন এবং নিজেরা উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করেন।
শিশুটির পরিবার জানায়, জুবায়ের নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে পানির নিচে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ডুবুরি দলকে খবর দেওয়া হলেও প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন স্বজনরা।
অন্যদিকে, গত শনিবার কাশিমপুরের তুরাগ নদীতে নৌভ্রমণের সময় রাসেল (২২) নামে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় প্রায় ১২ ঘণ্টা পর ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর ডুবুরি দলের উপস্থিতি ও উদ্ধার কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জুবায়ের নিখোঁজের ঘটনাতেও দীর্ঘ সময় ডুবুরি দল না পৌঁছানোয় একই ধরনের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, পানিতে কেউ নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা জরুরি। সময় যত গড়ায়, ততই নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, তারা ডুবুরি দলকে অবহিত করেছেন এবং তাদের আগমনের অপেক্ষা করছেন। ডুবুরি দল পৌঁছানোর পর পুকুরে আনুষ্ঠানিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে উদ্ধার অভিযানের অপেক্ষায় রয়েছেন।
পড়ুন : বস্তা পাল্টে সরকারি চাল মজুত, নেত্রকোনায় ব্যবসায়ীকে জরিমানা


