গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙনের কবলে পড়ে একটি কাঁঠালগাছের নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ফরিজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে গিয়েছিলেন তিনি। একপর্যায়ে নদীতীরে থাকা একটি কাঁঠালগাছের গোড়ার কাছে দাঁড়ালে হঠাৎ তীব্র ভাঙনের কবলে পড়েন তিনি। এসব একটি কাঁঠালগাছ শিকড়সহ উপড়ে গিয়ে তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত কয়েকদিনে তিস্তার অব্যাহত ভাঙনে উত্তর কালিরখামারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বছরের পর বছর ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা ও বসতভিটা। নদীর পাড়জুড়ে তৈরি হয়েছে বড় বড় ফাটল, আর প্রতিদিনই নতুন নতুন অংশ নদীতে ভেঙে পড়ছে। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। তীর সংরক্ষণে কার্যকর উদ্যোগের অভাবে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

