নোয়াখালী সুপার কাপ-২০২৬ এর সিনিয়র ও জুনিয়র গ্রুপের পৃথক ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) শহীদ ভুলু স্টেডিয়ামে দুপুরে জুনিয়র এবং বিকালে সিনিয়র গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খান এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল বাহার আজাদ।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ফুটবল প্লেয়ার্স কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় গত ১৩ মে শুরু হওয়া এ টুর্নামেন্টে সিনিয়র গ্রুপে ৬টি এবং জুনিয়র গ্রুপে ৬টি দলসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় জুনিয়র গ্রুপে নোয়াখালী এফসি জুনিয়র ১-০ গোলে গোল্ডেন জেনারেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে সিনিয়র গ্রুপে ফাস্ট এটাক সিনিয়র ৯-৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে নোয়াখালী ডায়নামিককে হারিয়ে শিরোপা জিতে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি ও কিশোরগ্যাং একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা সম্ভব, পাশাপাশি শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা গড়ে ওঠে। তাই তরুণদের মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
পড়ুন : স্ত্রী হত্যার পর সাড়ে ৬ মাস পলাতক, অবশেষে র্যাবের জালে স্বামী


