ইউরোপ সফরের শুরুটা ছিল হতাশায় ভরা। শক্তি ও পরিসংখ্যানের বিচারে পিছিয়ে থাকা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে টানা দুই ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবচেয়ে বিস্ময়কর বিষয়, দুই দলই এবার প্রথমবারের মতো বাংলাদেশকে হারানোর স্বাদ পেয়েছে। এমন বিব্রতকর সূচনার পর অবশেষে ঘুরে দাঁড়াল নিগার সুলতানার দল।
মঙ্গলবার (২ জুন) এডিনবার্গে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে ইউরোপ সফরে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার দুর্দান্ত অর্ধশতক এবং রিতু মনির বিধ্বংসী বোলিংয়ে এসেছে এই স্বস্তির জয়।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই ফিরে যান দিলারা আক্তার (১৫), জুয়ারিয়া ফেরদৌস (০) ও তাজ নেহার (৪)। চাপে পড়া দলকে উদ্ধার করেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি।
চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। সোবহানা ৩১ বলে ৩৯ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ইনিংস বড় করেন নিগার। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। শেষদিকে শোর্না আক্তারের ২০ এবং রিতু মনির অপরাজিত ৭ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস ও মেইজি মাচেইরা দুটি করে উইকেট শিকার করেন।
১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ১ রানেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ১৪ বলে ২১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মারুফা আক্তারের শিকারে পরিণত হন।
সারা ব্রাইস দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আইলসা লিস্টার ১৬ ও প্রিয়ানাজ চ্যাটার্জি ১৮ রান করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়ে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৮ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিতু মনি। মাত্র ২ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে স্কটিশ ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

