রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)র অধীনে পূর্বাচল নতুন শহর প্রকল্প কার্যালয়ের সামনে থেকে দিনে দুপুরে মাটি চুরি করে প্লটের সমতল ভূমিতে পুকুর সৃষ্টি করার চিত্র দেখা গেছে। অভিযোগ রয়েছে পূর্বাচল প্রকল্প পরিচালকের কার্যালয়ের দায়িত্বরত কতিপয় আনসার সদস্য এবং কর্মচারী নির্মলসহ বেশ কয়েকজনকে মাটির গাড়ী প্রতি ২শ টাকা ঘুষ লেনাদেনার।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পূর্বাচলের ৪নং সেক্টর এলাকায় অবস্থিত রাজউকের প্রকল্প কার্যালয়ে পাশে ও জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে বিগত সময়ে স্থানীয় প্রভাবশালীদের দখলে বালির গদি ছিলো। সম্প্রতি স্থানীয় পশুর হাটে ওই বালির গদি থেকে কিছু বালি নিলে রাজউকের সরকারী মাটির স্তর থেকে যায়। কিন্তু একটি বালি ও মাটি চুরি সিন্ডিকেটের সদস্যরা দিনে দুপুরে বেকু দিয়ে মূল স্তরের মাটি কেটে ট্রাক মাধ্যমে আশপাশের এলাকায় বিক্রি করে দেয়। এতে স্থানটিতে পুকুরে পরিণত হয়। এ ঘটনা জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার রিটন প্রধান বলেন, এক সময় আমরা বালির গদি চালাতাম। সম্প্রতি কে বা কাহারা ওই গদির বালি এবং মূল মাটিসহ নিয়ে গেছে তা জানি না।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মুরাদ মিল্লাত বলেন, এটা রাজউকের জমি। এ মাটির চুরির স্থানের ১০০ হাতের মধ্যে রাজউকের প্রকল্প পরিচালকের কার্যালয়। প্রশ্ন হলো ওই কার্যালয়ের দায়িত্বরত লোকজন কি করে?
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় কার্যালয়ের কর্মচারী নির্মল ও আনসারদের গাড়ী প্রতি একটি খরচ দিয়ে কতিপয় ট্রাক চালকরা মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নিতে দেখা যায় না।
জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ( নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তাদের ক্লাস চলাকালীন বালি ও মাটি চুরির কাজে ট্রাক ও বেকু ব্যবহার করার তীব্র শব্দ হয়। এতে পাঠদানে সমস্যা হয়।
এ বিষয়ে অভিযুক্ত নির্মলের সাথে কথা বলতে চাইলে কথা বলতে রাজি হননি। এসব বিষয়ে জানতে চাইলে পূর্বাচলের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, আমি এ ধরনের অভিযোগ পেয়ে হাতেনাতে গাড়ী আটক করেছিলাম। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।
এসব বিষয়ে জানতে চাইলে পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিচালক প্রকৌশলী সাদিক শুভ বলেন, ঘটনা জানা ছিলো না,আপনাদের মাধ্যমে জানলাম। এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তবে এরআগে এমন ঘটনা মোকাবেলায় স্থানীয় ওসি, ইউএনও মহোদয়দের চিঠি দেয়া হয়েছে। ভবিষ্যতে এমন হলে আইনি ব্যবস্থা নেব।
পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক আগামীকাল


