জামালপুরের মাদারগঞ্জে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত টুনু আকন্দ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ির বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রখর রোদে মাঠে খড় শুকানোর কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে পৌঁছানোর আগেই নান্দনা-গোপালপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের নাতি মামুন জানান, দুপুরের প্রচণ্ড গরমে মাঠে কাজ করার সময় তার দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতভর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর সকালে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
টুনু আকন্দ স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গত দুই দিনে উপজেলার দুটি ইউনিয়নে হিটস্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় বালি বেগম নামে এক নারীও মাঠে খড় শুকানোর কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মারা যান। ফলে টানা দুই দিনে মাদারগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ
দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া
ইমি/


