রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালকের সইয়ে পাঠানো ওই শোকজ নোটিশে বলা হয়, ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী গত ১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছিল।
এতে বলা হয়, তদন্তকালে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্বরত নার্স, আয়া, রোগী, রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে। এতে কমিটির কাছে প্রতীয়মান হয় যে, হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর বিধানগুলো যথাযথভাবে পালিত না হওয়ায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছে।
শোকজ নোটিশে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালটি দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় ধারা অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় শোকজের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩ দিনের মধ্যে শোকজের জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।
পড়ুন : এসি বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে ৬ নবজাতকের মুত্যু: তদন্ত প্রতিবেদন


