জমি সংক্রান্ত ঘটনার বিরোধে মিস কেইসের শুনানী শেষ হতেই ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে ম্যাজিস্ট্রেট কক্ষের বারান্দায় দু’পক্ষের মারামারি। এ ঘটনায় আইন শৃংখলা ভঙ্গের দায়ে তিন ব্যক্তিকে তিনদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান।
জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর মৌজার বীররামপুর গ্রামের কামরুজ্জামান গং ও বোরহান উদ্দিন গংদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে মিস কেইসের শুনানী ছিল। দুপুরের দিকে উভয় পক্ষকে নিয়ে শুনানী কার্যক্রম শুরু করেন এসিল্যান্ড। তিনি উভয়পক্ষের কাগজপত্র দেখেন এবং কোথায় কি সমস্যা তা বুঝিয়ে বলেন।
এছাড়া একপক্ষ দুটি প্রমাণপত্রে কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায়, আগামি তারিখে তা উপস্থাপনের নির্দেশ দেন। শুনানী শেষ হতেই ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে বের হয়ে বারান্দায় দু’পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। এসময় এসিল্যান্ড নিজে অফিস স্টাফদের নিয়ে সেখানে উপস্থিত সেবাগ্রহিতাদের সহযোগিতায় উত্তেজিত দু’পক্ষকে শান্ত করে মারামারিতে জড়িয়েপড়া ব্যক্তিদের আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনদিনের কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বীররামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে কামরুজ্জামান, আব্দুল মালেকের ছেলে শাকিল সরকার ও আব্দুল মোতালেবের ছেলে বোরহান উদ্দিন। পরে তাদেরকে ত্রিশাল থানা পুলিশের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান জানান, শুনানী হলেও কারো পক্ষে রায় হয়নি এদিন। আমার কক্ষ থেকে বের হয়েই উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। তাদের দুইপক্ষের মারামারিতে এখানে উপস্থিত সেবাগ্রহিতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইন শৃংখলা ভঙ্গের দায়ে ওই তিন ব্যক্তিকে তিনদিনের জন্য কারাদন্ড দেয়া হয়েছে।
পড়ুন : কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার


