লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৪ জুন) চালানো এসব হামলায় একাধিক ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা একাধিক ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া ইয়োহমোর আল-শাকিফ, রাশাফ, আল-কানতারা ও খিয়ামসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও যানবাহন বহরের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রকেট ও আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে একাধিকবার আঘাত হানা হয়েছে।
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গসংলগ্ন এলাকা সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে। হিজবুল্লাহর দাবি, সেখানে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনা সমাবেশ লক্ষ্য করে ধারাবাহিক কামানের গোলাবর্ষণ, ব্যাপক রকেট হামলা এবং ড্রোন আক্রমণ চালানো হয়েছে।
এছাড়া কয়েকটি ইসরায়েলি মারকাভা ট্যাংক নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করার দাবিও করেছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।
পড়ুন: যেকোনো মুহূর্তে ইরানের ইউরেনিয়াম জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


