দিনাজপুরের হিলি সীমান্তে ৫ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঘাঁসুড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখে দেওয়া হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ভারতীয় অংশের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে তীব্র বাঁধা দেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
ঘটনার পর পরই জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুশইনের চেষ্টা চালানো ওই পয়েন্টে দ্রুত একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।
সীমান্তে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে যাতে কোনোভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে পুশইন করতে না পারে।
অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
লে. কর্নেল লতিফুল বারী জানান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ওপারে কোনো অতিরিক্ত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারত থেকে অবৈধভাবে কেউ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য টহল ও পোস্টের সংখ্যা বাড়িয়ে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।
পড়ুন- এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


