নেত্রকোনা শহরে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২২) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বাদ যোহর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
এরআগে গতকাল (শুক্রবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হন ওই শিক্ষার্থী ।
নিহত সামি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন এবং নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা চঞ্চল খানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলবার খান সামি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। তরুণ এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের সাথেও সরাসরি যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নেত্রকোনা জেলা ইউনিটের একজন সাবেক সদস্য ছিলেনন হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়ক দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি। পথিমধ্যে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, “মধ্যরাতে বাইপাস সড়ক দিয়ে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সুরতহাল প্রতিবেদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তরুণ, মেধাবী ও পরিচিত মুখের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং নেত্রকোনা শহরের স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন- ৬ নবজাতকের মৃত্যু: পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের


