নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের সময় এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সিলভার চাকমা নামের এক পাচারকারীকে (দালাল) হাতেনাতে আটক করা হয়।
শনিবার (৬ জুন) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ ভবানীপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ব্যাপক পুশ-ইনের চেষ্টা চালানো হচ্ছে। এই অপতৎপরতা রোধে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ভবানীপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা নামক স্থানে অভিযান চালায়। এসময় পাচারকারী সিলভার চাকমা ওই কিশোরীকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পার করার চেষ্টা করছিল। পরিস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃত পাচারকারী সিলভার চাকমা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেট ও পদনী মানকিনের ছেলে। অন্যদিকে, উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকার (১৪) একই উপজেলার বরইগঞ্জ গ্রামের রূপক সরকার ও সুমা সরকারের মেয়ে।
বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হওয়া কিশোরী জানায়, তার নিজ বাড়ি বাংলাদেশে হলেও অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। ভারতে থাকা ওই আত্মীয়দের কাছে যাওয়ার উদ্দেশ্যেই সে পাচারকারী সিলভার চাকমার শরণাপন্ন হয়েছিল এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। আটককৃত পাচারকারী সিলভার চাকমা এবং উদ্ধার হওয়া কিশোরী উভয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী


