চট্টগ্রামের বোয়ালখালীতে এক অটোরিকশা চালককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল আসামি রিগ্যান বিশ্বাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া অটোরিকশা এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত রিগ্যান বিশ্বাস বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাম দুলাল বৈদ্যের বাড়ির মৃত স্বপন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অশ্বনী চন্দের বাড়ির সামনে রাস্তার ওপর এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভিকটিম আবদুল নবী (৪৭) একজন অটোরিকশা চালক, যিনি পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আসামী রিগ্যান বিশ্বাস চালক আবদুল নবীকে হত্যার উদ্দেশ্যে ধারালো ধামা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর তার নীল রঙের মিশুক অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পাওয়ার পর বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং নিবিড় বিশ্লেষণের মাধ্যমে আসামি রিগ্যান বিশ্বাসকে শনাক্ত করতে সক্ষম হয়। অভিযানের প্রাথমিক পর্যায়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি উপজেলার চরণদ্বীপ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রোজি আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা (মামলা নং-০৩, তারিখ-০৫/০৬/২০২৬) দায়ের করেন। চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি মাহফুজুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিংওয়াই মারমা সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন।
পুলিশের চৌকস দলটি চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি রিগ্যান বিশ্বাসকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, হাটহাজারী থানাধীন দক্ষিণ বুড়িশ্চর ধূপকুল এলাকায় অভিযান চালিয়ে দস্যুতায় ব্যবহৃত সেই রক্তমাখা ধারালো ধামাটি উদ্ধার করে পুলিশ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, “এটি একটি নৃশংস ছিনতাইয়ের ঘটনা ছিল। আমরা সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত মালামাল এবং অপরাধে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”
দিনের দুপুরে এমন দুঃসাহসিক অপরাধের মূল হোতা গ্রেফতার হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও অটোরিকশা চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পড়ুন- এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


