চীনের জনপ্রিয় তরুণ অভিনেতা ও মডেল জিন জে আর নেই। মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার (৬ জুন) এ খবর নিশ্চিত করেছে তার এজেন্সি শেংশি গুয়াংনিয়ান কালচার কোম্পানি লিমিটেড। তবে অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
এজেন্সির দেয়া তথ্য অনুযায়ী, ৪ জুন চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে মারা যান জিন জে। তার প্রকৃত নাম ছিল ঝাং জিয়াওয়েই। বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবারের সদস্যদের প্রতি তারা সমবেদনা জানাচ্ছে এবং শেষকৃত্যের আয়োজন চলাকালে সবার কাছে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানিয়েছে। এজেন্সির শোক প্রকাশ করে জানায়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে ৪ জুন হাংঝৌয়ে তার বাসভবনে মারা গেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
জিন জের মৃত্যুর খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তার পরিবার বা এজেন্সি মৃত্যুর কারণ সম্পর্কে কোনও বক্তব্য দেয়নি। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ এখনো অজানা রয়ে গেছে। এজেন্সি ভক্ত ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, যাচাই না করা কোনও তথ্য বা গুজব যেন কেউ প্রচার না করেন। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে জিন জের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং দেশটির অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়। খবর প্রকাশের পর ভক্ত, সহশিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন। অনেকেই তাকে একজন পরিশ্রমী, বিনয়ী ও প্রতিভাবান শিল্পী হিসেবে স্মরণ করেছেন।
মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে ভক্তদের সঙ্গে নিজের নতুন কাজের খবর ভাগ করে নিয়েছিলেন জিন জে। গত ৬ মে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেওয়া তাঁর শেষ পোস্টে তিনি একটি নতুন নাটকের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছিলেন।
ওয়েইবোতে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ লাখেরও বেশি। তখন কেউ কল্পনাও করেননি, সেটিই হবে অভিনেতার শেষ জনসমক্ষে দেয়া বার্তা। মৃত্যুর সময় জিন জের বেশ কয়েকটি নতুন প্রকল্প মুক্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শর্ট ড্রামা ‘ওয়েটিং ফর দ্য ফ্লাওয়ারস টু ব্লুম, ওয়েটিং ফর ইয়োর রিটার্ন’। চীনের জনপ্রিয় শর্ট ড্রামা প্ল্যাটফর্ম হংগুওতে নাটকটির জন্য ১৪ লাখ ৮০ হাজারের বেশি দর্শক আগাম নিবন্ধন করেছিলেন। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর এখন প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন জিন জে। তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে প্রথমে ফ্যাশন জগতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
পরে অভিনয়ে পা রেখে ধীরে ধীরে দর্শকের নজর কাড়েন। ‘হ্যালো জোয়ান’, ‘ফরগেট ইউ, রিমেম্বার লাভ’, ‘বিগিন এগেইন’, ‘লিগ্যালি রোমান্স’, ‘বিউটি রিবার্ন’ এবং ‘ডোন্ট নেগোশিয়েট উইথ ইয়োর বস’-এর মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা মাইক্রো ড্রামা ও শর্ট-ফর্ম কনটেন্টের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছে আরও পরিচিত মুখ হয়ে ওঠেন। মাত্র ৩৩ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যু চীনের শর্ট ড্রামা অঙ্গনের জন্য বড় এক ক্ষতি বলে মনে করছেন অনেক ভক্ত ও সহকর্মী। পর্দায় তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং অভিনয় দক্ষতা তাঁকে তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
পড়ুন : বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন যেসব তারকা


