ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক র্যালি করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শনিবার সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। র্যালি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন সিটি প্রশাসক। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার Ⅰ বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাব, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
প্রশাসক আরও বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সামান্য অসচেতনতার কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিক ও সিটি কর্পোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত মশক নিধন, লার্ভা ধ্বংস এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ডেঙ্গুমুক্ত নগরী প্রতিষ্ঠায় পরিচ্ছন্নতা অভিযানকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধে জনগণকে সচেতন হতে হবে। তাই এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব উল আহসান, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।


