বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইলেন না আর্জেন্টিনার কোচ। পেশির চোট থেকে সেরে উঠলেও অধিনায়ক লিওনেল মেসিকে রাখা হলো সাইডলাইনে। তাকে ছাড়াই হন্ডুরাসের বিপক্ষে সহজ জয় পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়া ম্যাচে হন্ডুরাসকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং তরুণ ফরোয়ার্ড জিউলিয়ানো সিমেওনে।
গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পেশির চোটে পড়েছিলেন মেসি। শুক্রবারই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসি চোট কাটিয়ে সেরে উঠেছেন। তবে বিশ্বকাপের আগে কোনো ধরনের ঝুঁকি না নিতে এই ম্যাচে মহাতারকাকে পুরোপুরি বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন কোচ।
এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছে সান্তিয়াগো বেলত্রান, তমাস আরান্দা, হোয়াকিন ফ্রেইতাস ও নিকোলাস কাপালদোর।
যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে দাপট দেখায় আলবিসেলেস্তেরা। আক্রমণভাগের ধারাবাহিক চাপ ধরে রাখার ফল আসে ম্যাচের ৩৭ মিনিটে। ডি-বক্সের ভেতর ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মার্তিনেসের চমৎকার এক ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করেন সিমেওনে। এরপর কোচ স্কালোনি দলে বেশ কয়েকটি পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি।
ম্যাচের শেষ দিকে তরুণ আরান্দার একটি শট গোলপোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান ৩-০ হতে পারতো। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার আলাবামায় সবশেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মূল মিশন শুরু হবে তাদের। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
পড়ুন:হঠাৎ আলোচনায় মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’
দেখুন:আঙুর চাষে বিস্ময়কর সাফল্য অর্জন মোকছেদুলের |
ইমি/


