ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনসাধারণের চলাচলের সড়কে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়ক, কলেজ পাড়া, নায়াণপুর ও রাধানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম, মো. আরিফ ও সিরাজুল ইসলাম। তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আখাউড়া থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জনসাধারণের চলাচলের রাস্তার পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার বিধান অনুযায়ী জনসাধারণের ব্যবহৃত সড়ক বা পথের ওপর কোনো ব্যক্তি নির্মাণসামগ্রী রাখতে পারেন না।
তিনি আরও বলেন, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
পড়ুন : আশুলিয়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ


