জামালপুরের ইসলামপুর উপজেলায় তীব্র গরমে ধানের খড় শুকাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রচণ্ড দাবদাহে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৭০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের জমিতে ধান ও ধানের খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেন। এ সময় প্রচণ্ড রোদ ও তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আবুল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। জীবনের বেশিরভাগ সময় মাঠে-ঘাটে পরিশ্রম করে কাটালেও এবারের তীব্র দাবদাহ তার জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তীব্র গরমে অসুস্থ হয়ে আবুল হোসেনের মৃত্যু হয়েছে।
এদিকে চলমান দাবদাহে অতি প্রয়োজন ছাড়া দুপুরের সময় খোলা আকাশের নিচে কাজ না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসচেতন মহল। বিশেষ করে বয়স্ক ও শ্রমজীবী মানুষদের পর্যাপ্ত পানি পান এবং রোদ এড়িয়ে চলার আহ্বান জানান তারা।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত-২০, তিন ঘন্টা যান চলাচল বন্ধ


