বিজ্ঞাপন

এবার ১৩ ছক্কায় সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচ আগে মাত্র ১৫ বলে ফিফটি করে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার সেটিকে ছাড়িয়ে আরও বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন দেশের ঘরোয়া ক্রিকেটের মারকুটে ওপেনার।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে তাণ্ডব চালিয়ে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

আগের রেকর্ডেও ছিল সোহানের নাম। ২০২৩ সালের বিসিএলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তরুণ এই ওপেনার। এছাড়া চলতি ডিপিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে সোহানের পাশে বসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে এবার আগের রেকর্ড ভেঙে ৪৫ বলে সেঞ্চুরি করে ফেলেছেন সোহান। সব মিলিয়ে ১৮তম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ৮ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৮ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন লেজেন্ডস অব রুপগঞ্জের ২৬ বছর বয়সী ওপেনার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালের মার্শ ওয়ানডে কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন ম্যাকগার্ক।

এছাড়া এই সংস্করণে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ডি’আরসি শর্টের। ২০১৮ সালের ওয়ানডে কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার পথে ২৩টি ছক্কা মেরেছিলেন বাঁহাতি ওপেনার।

ইউল্যাব মাঠে রোববারের ম্যাচে সোহানের সামনেও ছিল আরও বড় কিছুর হাতছানি। কারণ তিনি যখন ড্রেসিং রুমে ফিরে যান, তখনও ইনিংসের বাকি দুই-তৃতীয়াংশ ডেলিভারি। আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন সোহান।

ইনিংসের শুরু থেকে স্বভাবসুলভ তাণ্ডব চালান লেজেন্ডস অব রুপগঞ্জের ওপেনার। ৪টি করে চার-ছক্কা মেরে ২৬ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। সেখান থেকে আরও ৪ চার ও ৫ ছক্কায় মাত্র ১৯ বলে পরের পঞ্চাশ রান করেন ২৬ বছর বয়সী ওপেনার।

সেঞ্চুরি পূর্ণ করে আরও ৪টি ছক্কা মেরে সম্ভাবনা জাগান বড় ইনিংসের। কিন্তু বেশি বড় হয়নি। তবে লিস্ট ‘এ’তে নিজের চতুর্থ সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেই আউট হন সোহান।

পড়ুন:ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন