জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার (পিতা: সফিউদ্দিন) বাড়ির সামনে একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ভারত থেকে আনা মদের চালান ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানায়,পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


