ঢাকাসহ দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অর্থনীতির অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়।
একই আদেশে চট্টগ্রামের কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরকুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সংযুক্ত ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগের তথ্য জানানো হয়।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অর্থনীতি বিভাগের অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগেরও তথ্য জানানো হয়।
পড়ুন : প্রাপ্য অর্থ পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা, বরাদ্দ ১৬০০ কোটি টাকা


